বগুড়ার সোনাতলায় পৌর এলাকার সড়কে স্থাপন করা হচ্ছে ইউনিব্লক, ব্যয় হবে ৮৩ লাখ টাকা

বগুড়ার সোনাতলায় পৌর এলাকার সড়কে স্থাপন করা হচ্ছে ইউনিব্লক, ব্যয় হবে ৮৩ লাখ টাকা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা পৌর এলাকার মাষ্টার পাড়া-খাদ্য গুদাম সড়কে ৮৩ লাখ ১৩ হাজার ৭৬৫ টাকা ব্যয়ে ইউনিব্লক স্থাপন করা হচ্ছে। এতে করে পৌরবাসীর জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সড়কটির দূরত্ব ৭শ’ ৫০ মিটার।

এলাকাবাসীদের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি লাঘবে পৌর কর্তৃপক্ষ চলতি বছরে ওই সড়কে ইউনিব্লক স্থাপন করতে টেন্ডার আহ্বান করে। পরে লটারির মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়।

ওই এলাকাটি একটি শিক্ষানগরী এলাকা। ওই এলাকার ৮৫ ভাগ মানুষ শিক্ষিত। তাদের যাতায়াতের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সড়কটি সংস্কার কাজ শুরু করা হয়। ইতোমধ্যেই সড়কটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।

স্থানীয়রা জানান, সড়কটির সংস্কার কাজ শেষ হলে পৌরবাসীর জীবনযাত্রার মান অনেক গুণে বেড়ে যাবে। দীর্ঘদিন যাবত ওই সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এটির নির্মাণ কাজ শেষ হলে এটি হবে একটি দৃষ্টিনন্দন সড়ক। এছাড়াও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা সঠিক সময়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারবে।

অসুস্থ রোগীরা দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছানো সম্ভব হবে। অফিসগামী পথচারীরা অল্প সময়ে এবং অল্প খরচে গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে। এছাড়াও ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৫টি সড়ক আরসিসি ঢালাই কাজ চলছে।

সড়কগুলো হচ্ছে সোনাতলা হাসপাতাল সড়ক, প্রেস ক্লাব সড়ক, সোনালী ব্যাংক মোড় থেকে উপজেলা সড়ক, গাজীর মোড় থেকে ঘোড়াপীর সড়ক,সাব-রেজিস্ট্রি অফিস থেকে রেল লাইন সড়ক। কাজটি বাস্তবায়ন করছেন মেসার্স শিল্পী এন্টারপ্রাইজ। এ ব্যাপারে ঠিকাদার আশরাফুল আলম বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে কাজগুলো শেষ হবে।

এ বিষয়ে সোনাতলা পৌরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শাহিন মিয়া বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছি। এ বিষয়ে পৌর প্রশাসক জুয়েল মিয়া বলেন, যেহেতু এটি একটি শিক্ষাবলয় এলাকা। এ সড়কটির কাজ শেষ হলে এটি হবে দৃষ্টিনন্দন সড়ক।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178128