করোতোয়ায় সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধ বিমলার পাশে প্রশাসন

করোতোয়ায় সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধ বিমলার পাশে প্রশাসন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : দৈনিক করতোয়াসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্জন পুকুরপাড়ে মানবেতর জীবনযাপনকারী সেই বৃদ্ধ বিমলা রাণীর পাশে দাঁড়িয়েছে প্রশাসন। আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ২ বান্ডিল ঢেউটিন, ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসাশনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম ঐ বৃদ্ধার বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করেন। এই সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমন উদ্যোগের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, নির্জন পুকুর পাড় থেকে ঐ বৃদ্ধাকে সরিয়ে লোকালয়ে এনে ঘর তৈরি করে দেওয়াসহ তার চিকিৎসার বিষয়ে তৎপর আছেন উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর গ্রামে নির্জন পুকুর পাড়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছেন ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধা বিমলা রাণী। এই নিয়ে গত সোমবার করতোয়াসহ বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178126