চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই) র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সদরঘাট থানার ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ী দারোগারহাট রোডে একটি গুদামে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট মজুত ও বিক্রি করা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৮ জুলাই) বিকেলে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই গুদামে অভিযান চালিয়ে বেলাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি চকবাজার থানার সোনামিয়া এলাকার বাসিন্দা।

পরে গুদাম তল্লাশি করে ২ হাজার ৮৫০ কার্টন অরিস এবং ৬৪০ কার্টন প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়। প্রতিটি কার্টনে ১০ প্যাকেট হিসেবে মোট ৩৪ হাজার ৯০০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জব্দ করা আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178086