১৮ এজেন্ডা নিয়ে বিসিবির বোর্ড সভা আজ

১৮ এজেন্ডা নিয়ে বিসিবির বোর্ড সভা আজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ (বুধবার)। বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বৈঠকটি।

সভায় বোর্ড পরিচালকদের সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও কয়েকজন পরিচালক দেশের বাইরে অবস্থান করায় তারা  ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভায় যুক্ত হবেন বলে বিসিবি সূত্র নিশ্চিত করেছে।

আজকের এই বোর্ড সভায় ওয়ানডে দলের অধিনায়ক পরিবর্তনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে। ক্রিকেট বিষয়ক বিভিন্ন মাধ্যম ও প্রতিবেদনের তথ্য অনুযায়ী মেহেদী হাসান মিরাজকে সরিয়ে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের নাম ঘোষণা করা হতে পারে। আজকের সভায় এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসার জোরালো সম্ভাবনা রয়েছে।

এই সভায় মোট ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিসিবির বর্তমান স্ট্যান্ডিং কমিটিগুলোর কার্যক্রম পর্যালোচনা এবং নারী ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির অনুমোদন। এছাড়া দেশের আটটি বিভাগে নারী কোচ নিয়োগের বিষয়টিও সভায় গুরুত্ব পাবে। একই সঙ্গে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ও মেডিকেল বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের প্রস্তুতি এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। এছাড়া সভার অন্যতম আকর্ষণ হতে পারে পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের বর্তমান অগ্রগতি এবং প্রকল্পের পরবর্তী ধাপের পরিকল্পনা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178017