ভলিবলে উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : দাপুটে পারফরম্যান্সে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সেমিফাইনালে সরাসরি জয় তুলে নিয়ে শিরোপার আরও কাছে পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক উত্তেজনা তৈরি হলেও রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। তবে পুরো ম্যাচেই আধিপত্য ছিল বাংলাদেশের।
শুরু থেকেই আত্মবিশ্বাসী বাংলাদেশ প্রথম সেটে হরসিত, সুজন ও মাসুদদের দুর্দান্ত নৈপুণ্যে ২৫-২১ পয়েন্টে জয় পায়। দ্বিতীয় সেটেও একই ছন্দ ধরে রেখে ২৫-২০ ব্যবধানে এগিয়ে যায় দল। তৃতীয় সেটে উজবেকিস্তান প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণের সামনে টিকতে পারেনি। ২৫-১৯ ব্যবধানে সেট জিতে ৩-০ ব্যবধানে ম্যাচ নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ।
চলতি আসরে এটি বাংলাদেশের পঞ্চম জয়। রাউন্ড রবিন পর্বে পাঁচ ম্যাচের মধ্যে শুধু স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল দল। এরপর উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে সরাসরি তিন সেটে জয় তুলে নেয় তারা।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178008