নাটোরে খামারের শিয়াল তাড়াতে বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে মৃত্যু ১

নাটোরে খামারের শিয়াল তাড়াতে বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে মৃত্যু ১

লালপুর (নাটোর) প্রতিনিধি : শিয়ালের আক্রমণ ঠেকাতে মুরগির খামারে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শিহাব প্রামাণিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে আসলাম হোসেনের মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিহাব প্রামাণিক ভাটপাড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ছফের প্রামাণিকের ছেলে।

জানা গেছে, খামারে শিয়ালের আক্রমণ ঠেকাতে উপজেলার ভাটপাড়া গ্রামে মো: আসলাম হোসেন তার মুরগির খামারের চার পাশে লোহার (জিআই) তারের একটি বেষ্টনী তৈরি করেছিলেন। সেখানে প্রতিদিন রাতে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে খামারি আসলাম আলীর ছেলে রায়হান আলী খামারের ওই ফাঁদের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে গিয়ে লোহার জিআই তারের সাথে জড়িয়ে শিহাবকে (৫৫) পড়ে থাকতে দেখে। পরে ফাঁদের সঙ্গে দেওয়া বিদ্যুতের মূল সংযোগটি বন্ধ করে তাকে উদ্ধার করা হয়।

রায়হান বলেন, ধারণা করা হচ্ছে গতকাল সোমবার রাতে কোনো এক সময় অসাবধানতাবশত খামারের পাশে গেলে শিয়াল তাড়ানোর ওই ফাঁদের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাবের মৃত্যু হয়। পরে খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান বলেন, খবর পেয়ে পল্লীবিদ্যুতের দু’জন ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে। লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় ৩০৪ ধারায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177982