হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, পাটওয়ারী-সারজিস ব্যাংকে অবরুদ্ধ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের থানার মোড় এ ঘটনা ঘটে ।
এনসিপি জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানান, সন্ধ্যায় সমাবেশ শেষ করে কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে নিয়ে সার্কিট হাউজে যাচ্ছিলেন। এসময় থানার মোড় এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা হামলা করেন।
তবে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে কেউ যদি এসে অশালীন বক্তব্য দিয়ে শহরকে অস্থিতিশীল করতে চায়, তার দায়ভার তাকেই নিতে হবে। অন্য কেউ এর দায়ভার নেবে না।
তিনি আরও বলেন, ‘আজ অপ্রীতিকর একটি ঘটনার খবর শুনেছি। এর সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। শুনেছি কোনো অশালীন বক্তব্যকে ঘিরে বিক্ষুব্ধ মানুষজন ধাওয়া দিয়েছে।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177964