নতুন গান গাওয়া প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী

নতুন গান গাওয়া প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী

অভি মঈনুদ্দীন ঃ বেশ কয়েক বছর হলো, নতুন আর কোনো গান করছেন না বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। এই মুহুর্তে শুধু সঙ্গীত বিষয়ক একটি অনুষ্ঠানে আলোচক হিসেবেই কাজ করছেন। পাশাপাশি মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি কিংবা কখনো কখনো বিয়েশষ অতিথি হিসেবে উপস্থিত হন। এর বাইরে সাধারণত বাসাতেই তার সময় কাটে।

এরইমধ্যে একজন শিল্পী, সুরকার-সঙ্গীত পরিচালক তাকে দিয়ে নতুন গান গাওয়ানোর চেষ্টা করেছিলেন। সৈয়দ আব্দুল হাদী বিনয়ের সঙ্গে তাকে না করে দিয়েছেন, শিল্পীকে তিনি জানান যে , তিনি এখন আর নতুন কোনো গানে কন্ঠ দিচ্ছেন না। তবে সৈয়দ আব্দুল হাদী বলেন,‘ সত্যি বলতে কী এখনকার গানে অর্থাৎ এক গান থেকে আরেক গানে তেমন কোনো পার্থক্য খুজে পাইনা। গানের কথার মাঝেও তেমন কোনো গভীরতা নেই। যে কারণে নতুন গান গাইবারও কোনো আগ্রহ নেই। তবে যদি আগামীতে কারো গানের কথা খুউব ভালোলাগে, কথার সাথে সুরও যদি মন কেড়ে নেয়, তাহলে হয়তো চেষ্টা করে দেখা যেতে পারে। জানিনা সেই দিন আর আমার জীবনে আসবে কী না। এমন কোনো গান লেখা হবে কী না যে গান আমার সত্যিই ভীষণ ভালোলাগবে। যদিও নাও পাই তাতে কোনো আফসোস থাকবে না। কারণ এক জীবনে বহু ভালো ভালো কথার, সুরের গান গেয়েছি। এসব গানের মধ্যদিয়েই আমি বেঁচে থাকবো আমার গানের ভক্ত শ্রোতাদের মাঝে।’

সৈয়দ আব্দুল হাদীকে নিয়েও কিছুদিন আগে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে বিশেষ একটি অনুষ্ঠান করা হয়। যেখানে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদানের পাশাপাশি এই প্রজন্মের শিল্পীরা তার গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। গত ১ জুলাই ছিলো সেয়দ আব্দুল হাদীর জন্মদিন। সেদিন তিনি ৮৫’তে পা রাখেন। সৈযদ আব্দুল হাদীর কন্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হলো ‘আমি তোমারী প্রেমও ভিখারী’,‘ যেওনা সাথী’,‘ আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার’,‘ চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার’,‘ কে জানে কতো দূরে সুখের ঠিকানা’,‘ চোক্ষের নজর এমনি কইরা একদিন ক্ষইয়া যাবে’,‘ এমনওতো প্রেম হয়’, ‘তীরে তীরে নাহি ভীড়ে’,‘ সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার’,‘ এমনও তো প্রেম হয়’ ইত্যাদি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177954