মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে : মির্জা ফখরুল

মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকবিরোধী অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজ, রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার মাধ্যমে অবশ্যই ইতিবাচক ফল মিলবে। সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, এই প্রচারটাই মূল-কাজ যাতে সবাই বুঝতে পারে মাদক খারাপ জিনিস এবং তা ব্যবহার করা উচিত নয়। এভাবেই সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177911