আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে সিইসি

আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে সিইসি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল অংশ নেবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নির্বাচনসংক্রান্ত সাংবিধানিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য,গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সেদিন তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়।

এদিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে রয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177891