আতিফ আসলামের কনসার্ট ঘিরে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

আতিফ আসলামের কনসার্ট ঘিরে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

বিনোদন ডেস্ক : রাজধানীতে ২৪ জুলাই অনুষ্ঠিত ‘মেইনস্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে টিকিট জালিয়াতি, অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছেন একাধিক দর্শক।

ভুক্তভোগীদের অভিযোগ, কনসার্টে প্রতারণা, শারীরিক ও মানসিক হয়রানির শিকার হওয়ায় তারা ক্ষতিপূরণ এবং আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করছেন।

রাজধানীর মাদানি এভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত এই কনসার্টকে ঘিরে শুরু থেকেই নানা বিতর্ক ছিল। কনসার্ট শেষে ২৫ ও ২৬ জুলাই দায়ের করা পৃথক অভিযোগে আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ধরা হয়েছে।

ধানমন্ডির বাসিন্দা আয়েশা নামে এক শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী, কনসার্টটি প্রথমে ৩০০ ফিট এলাকার ক্রিকেট একাডেমিতে হওয়ার কথা থাকলেও পরে আবহাওয়ার কারণ দেখিয়ে ভেন্যু পরিবর্তন করা হয়। নতুন ভেন্যুর ধারণক্ষমতা চার থেকে পাঁচ হাজার হলেও সেখানে প্রায় ২০ হাজার টিকিট বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ১১ হাজার টাকার ভিআইপি টিকিট কিনেও অনেক দর্শককে প্রবেশের সময় ৩ হাজার টাকার আরএফএস ব্যান্ড দেওয়া হয়। বিষয়টি জানার পর দায়িত্বরত ব্যক্তিরা এটিকে ‘ভুল’ বলে ব্যাখ্যা দেন।

ভুক্তভোগীদের দাবি, কনসার্টস্থলের বাইরে কালোবাজারে ১১ হাজার টাকার টিকিট ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এতে আগে থেকে উচ্চমূল্যে টিকিট কেনা দর্শকরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এছাড়া গেট ব্যবস্থাপনার দুর্বলতার কারণে টিকিট ছাড়াই বিপুলসংখ্যক মানুষ কনসার্টস্থলে প্রবেশ করেন, ফলে ভিআইপি জোনেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে সংঘবদ্ধ পকেটমার ও ছিনতাইকারী চক্র সক্রিয় ছিল বলেও অভিযোগ উঠেছে।

শেওড়াপাড়ার বাসিন্দা দেওয়ান তোহা শৈশব তার অভিযোগে উল্লেখ করেন, কনসার্ট শেষে বের হওয়ার সময় ১৩ থেকে ১৪ জনের একটি সংঘবদ্ধ চক্র কৃত্রিম ভিড় তৈরি করে অন্তত ৫০ থেকে ১০০ জনের মোবাইল ফোন চুরি করে। তার দাবি, পাঁচ থেকে ছয়জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা পরিকল্পিতভাবে দর্শকদের পকেট কেটে মোবাইল ফোন নিয়ে যায়।

ভুক্তভোগীরা আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর কাছে কনসার্টস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও প্রকাশ, হারানো মোবাইল ফোনের ক্ষতিপূরণ এবং প্রতারণার অভিযোগের তদন্ত দাবি করেছেন।

এদিকে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177879