নাটোরে পরকীয়ার জেরে স্বামী হত্যা স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

নাটোরে পরকীয়ার জেরে স্বামী হত্যা স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পরকীয়া প্রেমের জেরে স্বামী মো. কালুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে তার স্ত্রী সালমা বেগম ও প্রেমিক আহাম্মদ আলীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

একইসাথে উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। গতকাল সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

নাটোর জজ কোর্টের পিপি এড. রুহুল আমিন তালুকদার টগর বলেন, নিহত কালুর স্ত্রী সালমা বেগম স্থানীয় বাসিন্দা আহাম্মদ আলীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এরই জেরে ২০২১ সালের ১৫ অক্টোবর কালু বাড়ি ফেরার পর গভীর রাতে পরিবারের সদস্যরা সালমার চিৎকার শুনে ঘরে গিয়ে কালুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান।

খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরদিন ১৬ অক্টোবর নিহতের মা মোসা. আছিয়া বেগম বাদি হয়ে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে গতকাল আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি স্ত্রী মোছা. সালমা এবং তার প্রেমিক মো. আহাম্মদ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

অনাদায়ে উভয়কেই আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দয়া হয়। রাওে সন্তোষ প্রকাশ করেন নিহতের মা আছিয়া বেগম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177849