বগুড়ায় দুই মাদককারবারির যাবজ্জীবন কারাদন্ড

বগুড়ায় দুই মাদককারবারির যাবজ্জীবন কারাদন্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দু’টি মামলার রায়ে আজ সোমবার (২৭ জুলাই) দুই মাদককারবারির যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা এবং অনাদায়ে করাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। বগুড়ার স্পেশাল দায়রা জজ মো. আয়েজ উদ্দিন এই মামলার রায় দেন।

রায়ে ২০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ভারতীয় বুফিনরপিন এ্যাম্পলসহ (ইনজেকশন) গ্রেফতারকৃত বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার প্রবাসীপাড়ার মুনসুর রহমানের ছেলে অভিযুক্ত আসামি মেহেদী হাসানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে। সে জামিনে গিয়ে পলাতক আছে এবং গ্রেফতারের পর হতে তার সাজা কার্যকর হবে।

মামলা সূত্রে জানা যায়, সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল ওয়াদুদ সঙ্গীয় পুলিশ দল নিয়ে ডিউটি করাকালে গত ২০১৯ সালের রাত সোয়া ১১টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার ঢাকাপট্টি মসজিদের উত্তর পাশে পাকা রাস্তা হতে মেহেদী হাসানকে গ্রেফতার করে তার কাছ থেকে ২০ পিস এ্যাম্পল উদ্ধারসহ জব্দ করে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে ওই আদালতের পিপি এড. হারুনুর রশীদ।

অপরদিকে ১শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতারকৃত সিরাজগঞ্জ সদর উপজেলার জিয়ার পাচিলের আফজাল হেসেন মুন্সির ছেলে অভিযুক্ত আসামি আহম্মদ আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ মো. আফাজ উদ্দিন এই মামলার রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, বিগত ২০১৩ সালের ১০ ফ্রেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সদর সার্কেলের পরিদর্শক আসালম আলী মন্ডলের নেতৃত্বে মাদ্কদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া কৃঞ্চ প্রসাদ গুপ্তের গুদামঘরের সামনে নওগাঁ থেকে বগুড়াগামী সততা পরিবহনের বাসের গতিরোধ করে ওই বাসে যাত্রী আসামি আহম্মদ আলীকে গ্রেফতার তার হেফোজতে থাকা ১শ’ গ্রাম হেরোইন উদ্ধারসহ জব্দ করে এবং এই মামলা দায়ের করে।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. সাদী মোহাম্মদ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177836