১ আগস্ট থেকে ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি পুনর্লিখন করবে প্রশাসন

১ আগস্ট থেকে ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি পুনর্লিখন করবে প্রশাসন
ঢাবি প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতিগুলো সংরক্ষণ এবং তাদের মূল চেতনা ও নান্দনিকতা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ১ আগস্ট থেকে ক্যাম্পাসজুড়ে জুলাই-গ্রাফিতি পুনর্লিখন ও রংকরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ১ আগস্ট  (শনিবার) সকাল ৯টায় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
 
তিন দিনব্যাপী এই কর্মসূচি ১, ২ ও ৩ আগস্ট  অনুষ্ঠিত হবে। এ সময় উপাচার্য ভবন থেকে শুরু করে রোকেয়া হল পর্যন্ত বিভিন্ন দেয়ালে অঙ্কিত জুলাই-গ্রাফিতিগুলো শিল্পীদের মাধ্যমে পুনরায় রংকরণ ও পুনর্লিখন করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, শিল্পমান, ঐতিহাসিক তাৎপর্য ও চেতনাকে অক্ষুণ্ন রেখেই সংরক্ষণমূলক এই কার্যক্রম পরিচালিত হবে।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্ন বহনকারী গ্রাফিতিগুলো দীর্ঘমেয়াদে সংরক্ষিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস, সংগ্রাম ও গণঅভ্যুত্থানের চেতনাকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177819