ঝালকাঠিতে রোগী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে

ঝালকাঠিতে রোগী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়েছে। 

আজ সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঝালকাঠি সদর থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া অ্যাম্বুলেন্সটি রায়পুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তার চাচা ফজলুল হক ঝালকাঠি থেকে প্রতি মাসে নিয়মিত চেকআপের জন্য ঢাকার একটি হাসপাতালে যাতায়াত করেন।

সোমবারও তিনি একই উদ্দেশে ঢাকায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়।
ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা।

ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177800