ডেঙ্গু প্রতিরোধে বগুড়ায় সড়ক প্রচারণায় জেলা তথ্য অফিস
শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া মহানগরে ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিস সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণ ও স্বাস্থ্য বার্তা সড়কে প্রচারণা চালাচ্ছে ।
মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা শহরের অলিগলি ও জনবহুল স্থানে লাউডস্পিকার বা মাইকের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে প্রচার করা হচ্ছে। প্রচার বার্তায়, জমে থাকা পানি তিন দিনে একদিন ফেলে দেওয়া এবং ফুলের টব বা টায়ারে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে তথ্য অফিসের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাও প্রচার করা হচ্ছে।
বগুড়া মহানগরের সাতমাথায় আজ সোমবার (২৭ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জেলা তথ্য অফিস সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত মাইকিংয়ের ম্যাটাডর গাড়ি দেখা যায়।
এ বিষয়ে জেলা তথ্য সম্প্রচার কর্মকর্তা মাহফুজার রহমান জানান, জেলা তথ্য অফিস থেকে বর্ষা মৌসুমের শুরু থেকেই এমন প্রচারণা চলছে নিয়মিত। বিশেষ করে বগুড়ায় মহানগর অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেশি। মহানগরের জনবহুল এলাকায় সর্বস্তরের মানুষকে সচেতনতায় জেলা তথ্য অফিসের মাধ্যমে এই কার্যক্রম চলমান রয়েছে। মহানগর এলাকার বাহিরেও গ্রামাঞ্চলেও এই প্রচারণা চলছে। বর্ষা মৌসুমজুড়েই এডিস মশার বংশবিস্তার রোধে চলবে এই প্রচারণা।
সাতমাথায় কয়েকজন পথচারী ও মহানগরের বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, মাইকিং প্রচারণার বাহিরেও সচেতনতনামূলক পথাসভা করে মানুষকে সচেতন করার প্রতি জোর দেওয়া প্রয়োজন। এছাড়া সিটি কর্পোরেশন থেকেও এমন প্রচারণার জন্য কাজ করা প্রয়োজন। বাসা বাড়ি, মহল্লা, হোটেল রেস্তোরাঁ, বিভিন্ন অফিস আদালতে প্রয়োজনে সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনা করলে ডেঙ্গু প্রতিরোধে মহানগরবাসীকে সজাগ করা প্রয়োজন।
সর্বশেষ ৬ জুন ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি করেছিল বগুড়া সিটি করপোরেশন। বগুড়া সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান জানান, মসজিদভিত্তিক লিফলেট বিতরণ করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিত থাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা এখনও শুরু হয়নি। মহানগরের জনবহুল স্থান, ওয়ার্ড পর্যায়ে এডিস মশার বংশবিস্তার রোধে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা অচিরেই শুরু হবে।
এদিকে, জুলাই মাসের ২৪ তারিখে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) এক বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহী বিভাগে ২৬জন সহ চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং এই রোগে আক্রান্ত হয়েছেন ১২,৬৪০ জন। গত বছর দেশে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয় এবং ১,০২,৮৬১ জন আক্রান্ত হন। এছাড়াও, ২০২৪ সালে মশাবাহিত রোগে ৫৭৫ জনের মৃত্যু হয় এবং ১,০১,২১৪ জন আক্রান্ত হন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177788