আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে পুনরায় শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরেছেন এ বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টায় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।
একই সঙ্গে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177761