বগুড়ায় শুরু হচ্ছে সিটি কর্পোরেশনের ফ্যামিলি কার্ড শুমারি
শহর প্রতিনিধি (বগুড়া) : সারাদেশের মতো বগুড়াতেও প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানের জন্য আগামী ১ আগস্ট হতে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম শুর হবে। আজ রোববার (২৬ জুলাই) বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় তথ্য সংগ্রহের জন্য জরিপকারী এবং সুপারভাইজার নিয়োগের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা সিটি ভবনের সভাকক্ষে সন্ধ্যার পর শুরু হওয়ার দিন নির্ধারণ হলেও পরে তা বাতিল করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া সিটি কর্পোরেশন এলাকার ২১টি ওয়ার্ডের জন্য ২০ জন সুপারভাইজার এবং ১৯৯ জন তথ্যসংগ্রহকারী নিয়োগ করা হবে। প্রতি ৯ জন তথ্যসংগ্রহকারীর বিপরীতে ১জন সুপারভাইজার কাজ করবেন। একই সাথে, বগুড়া সদর উপজেলাধীন এলাকাতে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালনার জন্য একই নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। আগামীকাল সোমবার পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।
বগুড়া সিটি কর্পোরেশন ভবনে জরিপকারী এবং সুপারভাইজার নিয়োগের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা দিতে আসা কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে সরকারের এমন নিয়োগের খবরে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আবু সাঈদ জানান, যোগ্য-দক্ষ ও সঠিক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিত করার জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে বগুড়া শহর সমাজসেবা সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করছেন। সরকারের এই কার্যক্রমের মাধ্যমে সিটি কর্পোরেশন এলাকার বেশ কিছু বেকারদের কর্মসংস্থান যেনো সঠিকভাবে হয় সে বিষয়ে কমিটির প্রধান হিসাবে আমার তদারকি থাকবে।
এদিকে, প্রথমে গতকাল শনিবার ২৫ জুলাই পর্যন্ত আবেদন ফরম দাখিলের সময় থাকলেও সমাজসেবা অধিদপ্তরের জরুরী নির্দেশনায় তা আগামী মঙ্গলবার দুপুর ১২.০০ টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177753