বগুড়ায় মোটরসাইকেল বাহিনী ছিনতাইকারীদের কবলে মোটরসাইকেল আরোহী
স্টাফ রিপোর্টার : বগুড়ায় মহাসড়কে মোটরসাইকেল বাহিনী ছিনতাইকারীরা নাহান বাশার খান নাদিম নামে এক যুবককে ছুরিকাঘাত করে তার কাছ থেকে মোটরসাইকেল, একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন ও ৫০ হাজার ৬শ’ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আজ রোববার (২৬ জুলাই) ভোরে সদরের গোকুল এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর এলাকার বুয়াবদিল খানের ছেলে নাহান বাশার খান নাদিম (২৭) তার বাজাজ ডিসকভার মোটরসাইকেলে চেপে বগুড়ার শেরপুরে যাচ্ছিলেন। কিন্তু পথে আজ রোববার (২৬ জুলাই) ভোর ৫ টার দিকে তিনি ঢাকা-রংপুর মহাসড়কে সদরের গোকুল ঈদগাহ’র পাশে ছিনতাইকারীদের কবলে পড়েন।
এসময় তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। তারা ধারালো চাকু দিয়ে তার বুকে আঘাতও করে। কিন্তু তার বুকে ব্যাগ ঝুলানো থাকায় আঘাতটি তার শরীরে বিদ্ধ হয়নি। এরপর ছিনতাইকারীদের একজন তার ডান পায়ের গোড়ালীতে ছুরিকাঘাত করে।
পরে তারা চাকু-ছোরার মুখে তার ব্যবহৃত একটি পুরাতন বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল (গাইবান্ধা-হ-১১-৬৯৩৯), একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন, একটি নোকিয়া বাটন ফোন ও ৫০ হাজার ৬শ’ টাকা ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলযোগে বগুড়ার মাটিডালীর দিকে পালিয়ে যায়।
পরে আহত নাহান বাশার খান নাদিম নিজেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ বগুড়া সদর থানার ওসি ইন্সপেক্টর ইব্রাহীম আলী বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177745