৫ জেলা নিয়ে নতুন বিভাগ হচ্ছে বগুড়া
স্টাফ রিপোর্টার : উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়াকে কেন্দ্র করে ৫টি জেলার সমন্বয়ে একটি নতুন বিভাগ গঠন হতে যাচ্ছে। বগুড়া জেলার পার্শ্ববর্তী জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও গাইবান্ধা এই চার জেলার সংসদ সদস্য ও মন্ত্রীরা বগুড়াকে পৃথক বিভাগ করার প্রস্তাবনায় পূর্ণ সমর্থন জানিয়েছেন।
গতকাল শনিবার বগুড়ার পাঁচ তারকা হোটেল মমইন এ আয়োজিত এক অনুষ্ঠানে বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জয়পুরহাটের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা বগুড়াকে বিভাগ করার জন্য তাদের সমর্থন ব্যক্ত করেন।
তাদের এই সমর্থনের প্রেক্ষিতে বগুড়া বিভাগ হতে আলাদা করে বা নতুন করে আর সমর্থনের প্রয়োজন হচ্ছেনা। অনুষ্ঠানের এই খবর বাইরে ছড়িয়ে পড়লে বগুড়া বিভাগ হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বগুড়াসহ অন্য জেলা গুলোর সাধারণ মানুষের সমর্থন মেলে।
এদিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় এর মত বিনিময় সভায় বিভাগ বাস্তবায়নের জোরালো দাবি তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আজকে ৫ জেলার সমন্বয়ে একটা মিটিংয়ে গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ এবং সিরাজগঞ্জ এই চার জেলার সমস্ত এমপি এবং মন্ত্রীরা এসে অকুণ্ঠভাবে সমর্থন দিয়ে গেছেন যাতে বগুড়া নতুন একটা বিভাগ হয়।
চার জেলা নিয়ে যদি সিলেট, বরিশালের মতো বিভাগ থাকতে পারে, তবে উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে নিয়ে বগুড়া অবশ্যই একটা বিভাগ হতে পারে।বিভাগের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রতিবেশী চার জেলার সংসদ সদস্যরা কোনো আপত্তি ছাড়াই স্বেচ্ছায় সমর্থন দেওয়ায় এটি প্রধানমন্ত্রীর জন্য বাস্তবায়নে বেশ সহজ হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সভায় প্রতিমন্ত্রী শুধু বিভাগ নয়, বগুড়ার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু মেগা প্রকল্পের আপডেট তুলে ধরেন। তিনি জানান, দ্বিতীয় যমুনা সেতু গাবতলী-সারিয়াকান্দি-মাদারগঞ্জ হয়ে টাঙ্গাইলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা ঢাকার সঙ্গে সময় ও অর্থনৈতিক দূরত্ব অনেকটাই কমিয়ে আনবে। এছাড়া শহরের মধ্য দিয়ে চলা রেললাইনের যানজট নিরসনে ওপর দিয়ে ওভারপাস সড়ক এবং নিচ দিয়ে ট্রেন চলাচলের নকশা চূড়ান্ত করার কাজ চলছে, যার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই।
আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, বগুড়া জেলার থানাগুলোর জন্য অন্তত ২০টি নতুন পুলিশের গাড়ি সরবরাহের প্রক্রিয়া চড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে গাবতলী ও আদমদীঘির পাশাপাশি বাকি ১০টি থানাকেও ‘মডেল থানা’য় রূপান্তর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডিও লেটার দেওয়া হয়েছে।
পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের (বিডিএ) খসড়া আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে এবং বগুড়া সিটি করপোরেশনকে মেট্রোপলিটন পুলিশিং ব্যবস্থার আওতায় আনার কাজ এগোচ্ছে। উন্নয়ন কাজের সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, পিছিয়ে পড়া বগুড়ার পরিকল্পিত রূপরেখা তৈরিতে একটি ‘সমন্বিত মাস্টারপ্ল্যান’ প্রণয়ন ও উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে। সংশোধিত বিধিমালা আগামী ১৫ দিনের মধ্যে জারি হবে হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়ার ৭টি আসনের সংসদ সদস্য যথক্রমে সদর আসনের রেজাউল করিম বাদশা, ৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ১ আসনের কাজী রফিকুল ইসলাম, ৩ আসনের আব্দুল মহিত তালুকদার, ৪ আসনের মোশাররফ হোসেন, ৭ আসনের মোরশেদ মিল্টন, বগুড়া ও জয়পুরহাট সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদ এবং প্রধাপনমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসাইনসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দৈনিক করতোয়াকে জানান মমইন এ ইতিহাস র্চ্চার অনুষ্ঠানে গাইবান্ধার ৫ এমপি, নওগাঁর ৪ এমপি, সিরাজগঞ্জের ৩ এমপি জয়পুর হাটের ২ এমপিসহ বগুড়ার এমপিরা উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে তারা বগুড়া বিভাগ করার ব্যপারে সম্মতি দেন। বগুড়া বিভাগের ব্যপারে তাদের সম্মতি আছে। তিনি বলেন এই বিষয়টি আমরা মন্ত্রী প্রতিমন্ত্রীরা যারা ছিলাম তারা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবো। প্রধানমন্ত্রী পরে সিদ্ধান্ত দিবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177743