ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক : কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। শনিবার (২৫ জুলাই) সকালে হওয়া এ হামলার একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন।
এ হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তেহরান বলেছে, এ হামলা জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর দফার লঙ্ঘন এবং এটি এমন একটি আগ্রাসী পদক্ষেপ, যা চলমান সংঘাতকে আরও বিস্তৃত ও তীব্র করে তুলতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের নেতৃত্ব প্রকাশ্যে এ হামলার দায় স্বীকার করেছে। তাদের ভাষায়, বেসামরিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানো ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি কিয়েভের ‘উসকানিমূলক ও বৈরী’ নীতির ধারাবাহিকতা।
মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইরান কখনোই কোনো পক্ষ ছিল না। একই সঙ্গে বেসামরিক বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধ ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার বিপজ্জনক প্রচেষ্টা হিসেবে বিবেচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। এর পাশাপাশি এ ঘটনায় ইউক্রেনের নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনতে পূর্ব ইউরোপে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে ইরান।
বিবৃতির শেষাংশে তেহরান বলেছে, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার আলোকে, বিশেষ করে আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকারের ভিত্তিতে, ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার অধিকার সংরক্ষণ করে। পাশাপাশি ইউক্রেন এবং তাদের সমর্থকদের এই সামরিক অভিযানের সম্ভাব্য সব পরিণতির দায় বহন করতে হবে বলেও সতর্ক করেছে ইরান। সূত্র : মেহের নিউজ এজেন্সি
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177654