রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ নারী নিহত

রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ নারী নিহত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই নারী নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টায় গঙ্গাচড়া ইপজেলার খলেয়া ইউনিয়নের পাগলাপীর-জলঢাকা সড়কের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় আরএফএল কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জলঢাকার দিক থেকে পাগলাপীর অভিমুখে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সামনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী রাধা রাণী সরকার(৪০) ও অঞ্জনা রাণী সরকার(৫০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকার।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনায় নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177611