বন্যার্তদের সহায়তায় শিল্পকলায় গান গাইলেন রুনা লায়লা

বন্যার্তদের সহায়তায় শিল্পকলায় গান গাইলেন রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান ও সংবর্ধনা। দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই মানবিক উদ্যোগে শামিল হয়েছেন উপমহাদেশের কিংবদন্তি এই সংগীতশিল্পী। একক সংগীতানুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর শিল্পকলা একাডেমির এই উদ্যোগের প্রশংসা করে রুনা লায়লা বলেন, আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, টিকিট বিক্রি শুরুর প্রথম দিনেই সব টিকিট শেষ হয়ে যায়। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় মিলনায়তন। অনুষ্ঠানের শুরুতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেয়াজ মাহমুদ খৈয়ম।

সম্মাননা গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ‘দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন রুনা লায়লা। এরপর প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে আধুনিক, চলচ্চিত্র ও দেশাত্মবোধক মিলিয়ে প্রায় ১০টি জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। তার পরিচিত গানগুলোতে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকেরাও। 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রুনা লায়লা বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, অনেক বছর পরে হলেও এ ধরনের আয়োজনের জন্য শিল্পকলা একাডেমিকে সাধুবাদ জানাই। ভালো লাগছে যে আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন, ভালো কাজে যোগ দিয়েছেন। আমরা সবাই যেন দেশকে ভালোবেসে কাজ করি। তিনি বিশেষভাবে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এই আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। রাত সোয়া ৯টার দিকে জনপ্রিয় গান ‘দমাদম মাস্ত কালান্দার’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এটিই রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান। ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তিনি বাংলা, হিন্দি, উর্দুসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন এবং দেশ-বিদেশে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177609