বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় আব্দুল লতিফ (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার রাতে গোসাইবাড়ি সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল লতিফ উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের কছিম উদ্দিনের ছেলে এবং গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে।
এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬০-৭০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177589