আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃত করেছে : বিদ্যুৎমন্ত্রী
আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃত করেছে এবং ক্ষমতায় এসে দেশের বিভিন্ন অর্জন নিজেদের নামে নেওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, ইতিহাসকে কখনো রাজনৈতিক দিক দিয়ে বিবেচনা করা যাবে না। যেখানে, যে সময়ে যা ঘটেছে, ইতিহাসকে সেভাবেই মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ ইতিহাসকে সবচেয়ে বেশি বিকৃত করেছে। তারা ক্ষমতায় এলেই সবকিছু নিজেদের নামে করে ফেলে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে বগুড়া শহরে উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে শহরের হোটেল মমো-ইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইতিহাস কখনও ক্লোজ বা শেষ হয়ে যায় না। নতুন নতুন তথ্য সামনে আসবে এবং সেই তথ্যের ভিত্তিতে ইতিহাসের মূল্যায়ন হবে। ইতিহাসকে রাজনীতি দিয়ে পরিচালিত করলে তা সঠিক থাকে না। ইতিহাস চর্চা ও সঠিক মূল্যায়নের দায়িত্ব ঐতিহাসিকদের।
বিএনপির প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি কখনও ভোট ছাড়া ক্ষমতায় আসেনি। বাংলাদেশের যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছে। মানুষের বিএনপির ওপর আস্থা রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে অনেক ধরনের কথা হয়েছে। বিভিন্ন দল নানা কৌশল নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দিয়েছে। মানুষ বিশ্বাস করে, বিএনপি দেশ পরিচালনা করতে পারে।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত ছয় মাসে তারেক রহমান নেতৃত্বের মাধ্যমে শৃঙ্খলার নজির স্থাপন করেছেন। সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বিষয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। জনগণের রাজস্বের টাকায় যাদের বেতন হয়, তাদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান মন্ত্রণালয়ের কাজকর্ম মাইক্রো লেভেল পর্যন্ত পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকৌশলীর কাছে থাকার মতো তথ্যও তিনি মন্ত্রীর কাছে জানতে চান। এর ফলে মন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ের সর্বস্তরের কার্যক্রম সম্পর্কে প্রস্তুত থাকছেন।
জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই তারেক রহমান দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।
বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে। যারা নিজেদের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করবেন, তারা সিটি করপোরেশনের করেও ছাড় পাবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177581