বগুড়া সদরের নূরুইল বিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মনববন্ধন
শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া সদরের পীরগাছা মাটিডালী সড়কের নূরুইল বিল এলাকায় সংসদে অনুমোদিত বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের মানুষ। আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১১ টায় মানববন্ধনে অংশনেন শাখারিয়া,লাহিড়িপাড়া সহ আশেপাশের এলাকার কয়েকশত মানুষ। মানববন্ধনে সভাপতিত্ব করেন রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইবনে মামুনুর রশীদ সাজু।

মানববন্ধন সমাবেশে পীরগাছা মাটিডালী সড়কের নূরুইল বিল এলাকায় একপাশে সারবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই এলাকায় বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য নূরুইল বিলের সরকারি জায়গা নির্ধারণের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান করেন।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, এলাকাবাসীর দাবি বগুড়া সদরের মনোরম প্রাকৃতিক পরিবেশে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। নূরুইল বিল এলাকায় ১৩৩২ শতাংশ ভূমির সরকারি খাস জায়গার পরিমাণ প্রায় ৯৩ শতাংশ। এই বিশাল পরিমাণ জায়গা বগুড়া বিশ্ববিদ্যালয় স্থপন করা হলে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে না।
প্রাকৃতিক নৈপুন্যময় পরিবেশে ভরপুর এই জলাধারটি উত্তম জায়গা হবে শিক্ষার জন্য। কোলাহলমুক্ত এই স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে শিক্ষার্থীরা পাবেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাকৃতিক নৈসর্গিক ক্যাম্পাস।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখা এলাকাবাসীর মধ্যে মনিরা আমিন নামের একজন অভিভাবক বলেন, তারেক রহমান আমাদের সন্তান, তিনি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাঁর ছেড়ে দেওয়া আসনটিই আমাদের বগুড়া সদরের নূরুইল বিলের এই সরকারি খাস জায়গায় বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের জোড় দাবি আমাদের সকলের।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) শাখারিয়া সভাপতি মিজানুর রহমান মিঠু বলেন, জালাধার ধ্বংস নয় বরং বিশ্ববিদ্যালয় স্থাপন হলে এই মনোরম পরিবেশটি দেখভাল করার একটি কর্তৃপক্ষ তৈরী হবে। সমাপনী বক্তব্যে মানববন্ধনে সভাপতিত্ব করা ইবনে মামুনুর রশীদ সাজু বলেন, সরকারি খাস জমিতে বিশ্ববিদ্যালয় হলে কেবল জমি অধিগ্রহণের মতো দীর্ঘ ও জটিল প্রক্রিয়া ছাড়াই সরকার একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়তে পারবেন।
কোষাগার থেকে প্রায় পঞ্চাশ কোটির অধিক অর্থ কম ব্যয় হবে আমরা জেনেছি। শাজাহানপুর বাসীর গত সপ্তাহের সড়ক অবরোধকে ভোগান্তি বলেও উল্লেখ করেন তিনি। নূরুইল বিলে বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের আর্থিক সুবিধাসহ জলাশয়টি সংরক্ষিত হবে, তৈরী হবে এলাকাবাসীর কর্মসংস্থান।
দাবি আদায় না হলে পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি, মাটিডালী বিমানমোড় থেকে জশোপাড়া পর্যন্ত বৃহৎ অবস্থানসহ সড়ক অবরোদের কর্মসূচির পরিকল্পনার কথাও মানববন্ধন শেষে জানানো হয়। মানববন্ধনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে বগুড়া সদরের নূরুইল বিলে সংসদে পাশকৃত বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আরও বক্তব্য রাখেন, লাহিড়ীপাড়া যুবদল সভাপতি সুমন সরকার, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী হায়দার, সদর ছাত্রদল নেতা মো.মিল্লাত হোসেন, এ্যাডভোকেট আতিকুর রহমান, আশরাফুল ইসলাম, শাখারিয়া এলাকার আব্দুল মোমিন, শিহাব, সাংবাদিক আমিনুল ইসলাম, রুহুল আমিন, শাহীন,সাকিব আল হাসান প্রমুখ।
মানববন্ধন শেষে অংশ নেওয়া সর্বস্তরের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠ পূত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল ও কিছু সময় মূল সড়কে প্রতীকি অবস্থান কর্মসূচী পালন করেন তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177579