ক্ষমতায় এসে ৩১ দফার প্রতিশ্রুতি রাখেনি বিএনপি
বিএনপি ক্ষমতায় এসে তাদের ঘোষিত ৩১ দফার অঙ্গীকার বাস্তবায়ন করেনি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা।
তিনি বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফায় সংবিধান সংশোধনের কথা উল্লেখ থাকলেও সরকার এখনো সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। তাই ৩১ দফার অঙ্গীকার অনুযায়ী সংবিধান সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকার সাভারের থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, বিএনপি বলে তারা ৩১ দফার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। ৩১ দফার প্রথম দফায় বলা হয়েছে, আওয়ামী লীগ সংবিধানকে এমনভাবে কাটাছেঁড়া করেছে যে সেটি সংশোধন করা জরুরি। কিন্তু ক্ষমতায় এসে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমরা তাদের ৩১ দফার অঙ্গীকার অনুযায়ী সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানাই।
সেমিনারে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মহসিন, ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসাইন এবং সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ ইসলাম। এ সময় ১১ দলীয় জোটের নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177566