আশুলিয়ায় জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার মুখে পুলিশ
ঢাকার আশুলিয়ায় জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার মুখে পড়েছে পুলিশ।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ তলায় এ গুলির ঘটনা ঘটে।
গুলি করে পালিয়ে যাওয়া ওই ব্যক্তি শুটার বাপ্পী নামে পরিচিত। ঘটনার সততা নিশ্চিত করেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুজ্জামান।
পুলিশ সূত্র জানায়, শরীফ মার্কেটের পঞ্চম তলায় সন্ত্রসীরা শরীফ চৌধুরীর ম্যানেজারকে জিম্মি করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ১০-১২ জনের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়েই দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পী দুই হাতে দুই পিস্তল নিয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ছোড়া প্রায় সাত থেকে আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশও আত্মরক্ষার্থে চার থেকে পাঁচ রাউন্ড পাল্টা গুলি ছুড়েছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার এসআই রাশেদুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া শুটার বাপ্পী ও তার সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে এলাকায় জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পুরো বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।
এছাড়াও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177562