ভারতে খেলতে আসতে পারে ব্রাজিল!

ভারতে খেলতে আসতে পারে ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক : পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। আর সেই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে কলকাতার নাম।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও ভারতীয় আয়োজকদের মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।

প্রতিবেদন অনুযায়ী, চলমান ফিফা বিশ্বকাপ চলাকালেই সিবিএফ এবং ভারতের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়। বিশ্বকাপজুড়ে ভারতীয় সমর্থকদের কাছ থেকে ব্রাজিল যে বিপুল ভালোবাসা ও সমর্থন পেয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যার অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, সেটিই মূলত ভারত সফরে আগ্রহী করে তুলেছে ব্রাজিলকে।

জানা গেছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ব্রাজিল তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি ম্যাচ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথমটি ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং দ্বিতীয়টি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচটির জন্যই এখন ভারতের সঙ্গে আলোচনা চলছে। তবে সম্ভাব্য এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। একই সঙ্গে বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতার থেকেও ব্রাজিলকে আতিথ্য দেওয়ার আগ্রহ ছিল বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। তবে এখন পর্যন্ত কেবল ভারতের সঙ্গেই আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

যদি শেষ পর্যন্ত ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হয়, তাহলে শহরটির সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহাসিক সম্পর্কের আরেকটি নতুন অধ্যায় যুক্ত হবে। ১৯৭৭ সালে পেলে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনে খেলেছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177553