ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ

ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ

আন্তর্জাতিক ডেস্কভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ও ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা আরও সীমিত হয়েছে। অভিবাসন নীতিতে পরিবর্তন এনে ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া ভারতীয় নাগরিকদের জন্য আগের সহজ ভিসা সুবিধা বাতিল করেছে। ফলে এসব দেশে ভ্রমণের আগে এখন আগাম ভিসা বা প্রয়োজনীয় অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৫টি গন্তব্যে ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। তবে কয়েকটি দেশের সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের কারণে এই সুবিধার আওতাভুক্ত গন্তব্যের সংখ্যা কমে এসেছে।

সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারতের পাসপোর্টের অবস্থান এখন ৮১তম। ২০২৬ সালের ফেব্রুয়ারির সংস্করণে এটি ছিল ৭৫তম। গত বছর ভারতীয় নাগরিকরা ৫৭টি দেশে ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পেলেও বর্তমানে সেই সংখ্যা ৫৫-এ নেমে এসেছে।

ইরান

পশ্চিম এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য ইরান দীর্ঘদিন ধরে ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়ে আসছিল। তবে ২০২৫ সালের নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য সেই সুবিধা স্থগিত করা হয়েছে। এখন ইরান ভ্রমণের আগে নিয়মিত ভিসা সংগ্রহ করতে হবে।

বলিভিয়া

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও ভারতীয়দের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা বাতিল করেছে। এর পরিবর্তে চালু হয়েছে ই-ভিসা ব্যবস্থা। ফলে ভ্রমণের আগে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় নথি জমা এবং অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক।

কেপ ভার্দে

আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা বাতিল করেছে। আগে নিবন্ধন ও নির্ধারিত ফি পরিশোধ করে দেশটিতে পৌঁছে ভিসা নেওয়া যেত। নতুন নিয়ম অনুযায়ী, এখন আগাম বৈধ ভিসা ছাড়া প্রবেশের সুযোগ নেই।

নিকারাগুয়া

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর করেছে। নতুন নীতির আওতায় ভারতীয় নাগরিকদের ‘ক্যাটাগরি সি’ বা ‘কনসালটেড ভিসা’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আগে পৌঁছে ভিসা নেওয়ার সুযোগ থাকলেও এখন ভ্রমণের আগে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের আগাম অনুমোদন সংগ্রহ করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ভ্রমণে বিভিন্ন দেশের ভিসা নীতিতে দ্রুত পরিবর্তন আসছে। তাই বিদেশ সফরের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভিসা ও অভিবাসন সংক্রান্ত নির্দেশনা যাচাই করা জরুরি। তাদের মতে, ভারতীয় পাসপোর্টের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়লেও বিভিন্ন দেশের পরিবর্তিত প্রবেশনীতির কারণে ভ্রমণকারীদের সর্বশেষ নিয়ম-কানুন সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177523