মিরপুরে প্রকাশ্যে গুলি, যুবদল নেতা নিহত
রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহত অন্য দুজন হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও বিএনপি কর্মী সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে হাফিজুর রহমানসহ ৭ থেকে ৮ জন সেখানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাফিজুর রহমান দুইটি গুলিবিদ্ধ হন এবং ইউসুফ আলীর বুকে একটি গুলি লাগে।
গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177522