বগুড়ায় এক ভাই ছুরিকাহত অপর ভাইকে মাথায় আঘাত
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের পুরান বগুড়া রেলগেটের পাশে শুক্রবার রাতে পুলিশের সামনে এক ভাইকে ছুরিকাঘাত এবং অপর ভাইকে মাথায় আঘাতের ঘটনা ঘটেছে ৷ আহতরা হলেন পুরান বগুড়ার আনোয়ার হোসেনের দুই ছেলে আশিক ও আতিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় আশিক- আতিক তাদের ব্যবসা প্রতিষ্ঠানে দোকানদারী করছিলেন৷ এসময় তাদের মুদী দোকানে কয়েকজন এসে চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তাদের মধ্যে আশিককে ছুরিকাঘাত এবং তার ভাই আতিককে মাথায় আঘাত করে পালিয়ে যায়।
ঘটনাস্থলের অদূরেই রেলগেট সংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। পুলিশের সামনেই এমন ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ছুরিকাঘাতে আহত আশিক ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেইসাথে মাথায় আঘাত পাওয়া আতিক জরুরী চিকিৎসা শেষে বাসায় এসেছেন। এ বিষয়ে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশের এস আই নূর আলম বলেন এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177520