রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদকে ব্যক্তি নয়, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার দায়িত্ব যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছেন এবং সরকারকে সহযোগিতা করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতির পদত্যাগের পর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের আগে সাহাবুদ্দিন স্বৈরাচারী সরকারের আমলে নির্বাচিত হওয়ায় তার ভূমিকা নিয়ে সমালোচনা ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের আগে ৫ থেকে ৮ আগস্টের সংকটকালীন সময়ে তিনি রাষ্ট্রকে সাংবিধানিক ধারায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতিকে যথাযথ মর্যাদার সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি।

সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগের অধিকার রয়েছে। তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। এ সময় পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো প্রক্রিয়াই সাংবিধানিক বিধান অনুসারে সম্পন্ন হয়েছে। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177513