মোবাইল অ্যাপসে পরিচয় বন্ধুত্বের টানে চীনা নাগরিক নাটোরের বড়াইগ্রামে
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার স্কুলছাত্রী সাদিয়া খাতুনের (১৭) বাড়িতে বন্ধুত্বের টানে ছুটে এসেছেন চীনা নাগরিক সুবেজ। সাদিয়া উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর ভাটোপাড়া গ্রামের কৃষক সাদ্দাম হোসেনের মেয়ে। মোবাইল অ্যাপসের মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে সুবেজ বর্তমানে তার বন্ধু সাদিয়ার বাড়িতে অবস্থান করছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সুবেজ। বিমানবন্দর থেকে সাদিয়ার স্বজনরা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে শুক্রবার সকাল থেকে চীনা নাগরিকের আগমনের খবর পেয়ে শত শত নারী-পুরুষ সাদ্দাম হোসেনের বাড়িতে ভিড় করছেন।
জানা যায়, সাদিয়া স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। কয়েক মাস আগে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে ওই চীনা নাগরিকের সাথে সাদিয়ার পরিচয় হয়। এরপর থেকেই তাদের কথোপকথন ও বন্ধুত্বের সূত্রপাত।
সাদিয়া জানান, আমাদের মধ্যে শুধুই বন্ধুত্ব, অন্য কিছু নেই। তবে আমারও যেমন তাকে ভালো লাগে, সেও আমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। কথাবার্তার এক পর্যায়ে তিনি নিজেই আমাদের বাড়িতে আসতে চান। তখন আমার অতোটা বিশ্বাস হয়নি। পরে ভিসা-পাসপোর্ট দেখালে বিষয়টি আমি বাবা-মাকে জানাই। তারাও সম্মতি দিলে তিনি বাংলাদেশে এসেছেন। চীনা নাগরিক সুবেজ বলেন, আমি বন্ধুত্বের টানে বাংলাদেশে এসেছি।
সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন জানান, আমার মেয়ে আমাকে জানানোর পর আমি তাকে আসতে বলেছি। সে আমার মেয়ের বন্ধু। সে আমার বাড়িতে এসেছে, এতে আমি খুশি। একজন মেহমান হিসেবে সে থাকবে, বেড়াবে-চলে যাবে। অন্য কোন বিষয় নেই এর মধ্যে। জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।