বাংলাদেশে এসে বড় ঘোষণা আতিফ আসলামের

বাংলাদেশে এসে বড় ঘোষণা আতিফ আসলামের

দীর্ঘদিন পর নিজের পছন্দের গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ঢাকায় এসে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’। একই সঙ্গে প্রতি বছর একটি করে নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা বিমানবন্দর হোটেলে বিকেল সাড়ে ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে আতিফ আসলাম বলেন, গত কয়েক বছর তিনি চলচ্চিত্রের গান, মঞ্চে পরিবেশনা ও রেকর্ডিং নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ পাননি। তবে এই সময়জুড়ে তিনি নিয়মিত নতুন গান লিখেছেন এবং সুর তৈরি করেছেন।

তিনি বলেন, আমি মূলত চলচ্চিত্রের জন্য গান গেয়েছি। কিন্তু অনেক দিন ধরেই মনে হচ্ছিল, নিজের পছন্দের গানগুলো প্রকাশ করা আমার দায়িত্ব। তাই এবার সেই কাজ করছি। আল্লাহ চাইলে এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশ করব।

আতিফ জানান, সুবাহ আয়ে না অ্যালবামে মোট আটটি গান থাকছে। প্রায় আট বছর ধরে এই অ্যালবামের কাজ করেছেন তিনি। এতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজক কাজ করেছেন।

সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ঢাকার কনসার্টে নতুন অ্যালবামের কোনো গান পরিবেশন করবেন কি না। জবাবে তিনি বলেন, অ্যালবাম প্রকাশের আগে নতুন কোনো গান গাইবেন না। অ্যালবাম প্রকাশের পর আবার বাংলাদেশে এসে নতুন গান শোনানোর আশা প্রকাশ করেন।

আসন্ন কনসার্ট নিয়ে আতিফ বলেন, তার প্রথম প্রার্থনা যেন বৃষ্টি না হয়। তবে বৃষ্টি হলেও দর্শকদের সঙ্গে সেই পরিবেশ আরও উপভোগ্য হয়ে উঠবে বলে তিনি মনে করেন। আগেরবারের তুলনায় এবার কনসার্টে ভিন্ন ধরনের আয়োজন থাকবে বলেও ইঙ্গিত দেন।

বাংলাদেশের খাবারের প্রশংসা করে তিনি বলেন, খিচুড়ি, মালাই চা ও বিরিয়ানি তার সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বাংলাদেশের খাবারের প্রশংসা করেন বলেও জানান তিনি। কেউ ভালো খাবারের পরামর্শ চাইলে বাংলাদেশে এসে খাবার খাওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশের সংগীত নিয়ে কথা বলতে গিয়ে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার প্রশংসা করেন আতিফ। তিনি জানান, একটি সংগীত প্রতিযোগিতায় রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। তাকে কিংবদন্তি উল্লেখ করে বলেন, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ।

বাংলাদেশের দর্শকদের প্রতিও বিশেষ ভালোবাসার কথা জানান এই শিল্পী। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে কনসার্ট করলেও বাংলাদেশের দর্শকদের মতো উচ্ছ্বাস খুব কমই দেখেছেন। বিশেষ করে তার জনপ্রিয় গান ‘আদাত’ হাজারো দর্শক একসঙ্গে গেয়ে ওঠার মুহূর্তটি সবসময় তার কাছে বিশেষ স্মরণীয়।

আতিফ আসলাম বাংলা ভাষায় গান গাওয়ার ইচ্ছার কথাও জানান। তবে ভাষার উচ্চারণ পুরোপুরি আয়ত্ত না করে বাংলা গান গাইতে চান না বলে উল্লেখ করেন। তার ভাষায়, তিনি কোনোভাবেই বাংলা ভাষার প্রতি অসম্মান করতে চান না।

তিনি আরও জানান, এর আগে বাংলাদেশের একটি চলচ্চিত্রের জন্য ‘মিঠে আলো’ শিরোনামের গান গেয়েছেন। ভবিষ্যতেও বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন কাজ করার আগ্রহ রয়েছে তার।

নিজের সংগীতজীবনের অনুভূতি জানাতে গিয়ে আতিফ বলেন, মন খারাপের সময়ই তিনি সবচেয়ে বেশি গান লেখেন। তার মতে, সেই সময়ই সৃষ্টিশীলতা সবচেয়ে ভালো কাজ করে। আর নতুন অ্যালবাম সুবাহ আয়ে না নিয়েই তিনি সবচেয়ে বেশি গর্বিত। কারণ, এই অ্যালবামের প্রতিটি গান তার হৃদয় ও আত্মা থেকে তৈরি।

সবশেষে বাংলাদেশের শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, তার সবচেয়ে বড় শ্রোতাগোষ্ঠীর একটি বাংলাদেশে। তাই এ দেশের মানুষের প্রতি তিনি সবসময়ই বিশেষভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে বিকেল ৫টায় তার সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177498