বগুড়ায় ফ্লাইওভারের নিচ থেকে মাজার ভক্ত পাগলের মরদেহ উদ্ধার

বগুড়ায় ফ্লাইওভারের নিচ থেকে মাজার ভক্ত পাগলের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের বারপুরে মহাসড়কে ফ্লাইওভারের নিচ থেকে আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আজ শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। পরে তাকে দাফন করা হয়েছে। স্থানীয়রা জানান, ফ্লাইওভারের নিচে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। বগুড়া উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন দৈনিক করতোয়াকে জানান, আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পিবিআই সদস্যরা এসে তার আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় উদঘাটনের চেষ্টা করে। তবে তার জাতীয় পরিচয় পত্র না থাকায় তার পরিচয় মেলেনি।

স্থানীয়রা দৈনিক করতোয়াকে জানান, লোকটি মাজার ভক্ত পাগল। গত ২০ বছর ধরে মহাস্থানগড়ে থাকতো। গত ২দিন আগে তিনি বারোপুরে ওই ফ্লাইওভারে নিচে এসে বসবাস করতে থাকেন। এ অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি আর বাঁচবেননা বলেও সবাইকে জানান। এরপর আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তিনি মারা যান। পরে মহাস্থান থেকে তার ভক্তরা এলেও নাম ঠিকানা কেউ জানেনা বলে জানান।

এরপর ময়না তদন্ত না করে তার মরদেহ তার ভক্তদের কাছে দেয়া হয়। ভক্তরা তার মরদেহ ভাইপাগলা মাজার সংলগ্ন দক্ষিণ বগুড়া গোরস্থানে দাফন করে। তার স্বাভাবিক মুত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় তার মরদেহের ময়না তদন্ত করা হয়নি বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177494