কেয়ার ‘যত্নে থেকো’

কেয়ার ‘যত্নে থেকো’

ক্যারিয়ারের ধারাবাহিক সাফল্যে এখন সময়ের অন্যতম ব্যস্ত ও আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। একের পর এক নাটকে দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ওটিটিতেও নিজের অবস্থান শক্ত করছেন তিনি। অভিনয়ের স্বাভাবিকতা, পর্দায় প্রাণবন্ত উপস্থিতি আর বৈচিত্র্যময় চরিত্র বাছাইয়ের কারণে নির্মাতাদেরও আস্থার নাম হয়ে উঠেছেন এই তরুণ অভিনেত্রী।

সম্প্রতি চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে অভিনয় করে নতুন আলোচনায় আসেন তিনি। সেই কাজ ঘিরে যেমন রয়েছে তার নিজস্ব প্রত্যাশা, তেমনি ভক্তদেরও আশা—ওয়েবের গণ্ডি পেরিয়ে খুব শিগগিরই বড়পর্দায় দেখা যাবে কেয়া পায়েলকে। অনেকেই চান, তার সিনেমা অভিষেক হোক ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে। যদিও সে সম্ভাবনা এখনও সময়ের অপেক্ষা। এরই মধ্যে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন কেয়া। ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন নাটক ‘যত্নে থেকো’, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইয়াশ রোহান।

 

নাটকটি রচনা করেছেন ইশতিয়াক আহমেদ এবং পরিচালনা করেছেন মোহন আহমেদ। এতে কেয়া পায়েল ও ইয়াশ রোহানের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।

নতুন নাটকটি নিয়ে বেশ আশাবাদী কেয়া পায়েল। তিনি বলেন, ‘এর আগে ইয়াশের সঙ্গেÑ মনে রেখো আমায়, তোমায় বলা হয়নি, মায়াবী, অতঃপর একসাথে, চিরসাথীসহ আরও কয়েকটি নাটকে অভিনয় করেছি। সবগুলো নাটকেরই দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। যত্নে থেকোÑ নাটকের গল্পটি খুব সুন্দর। ইশতিয়াক ভাইয়ের গল্প আমার খুব ভালো লেগেছে। নির্মাতাও অনেক যত্ন নিয়ে কাজটি নির্মাণ করেছেন। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177483