নীলফামারীর ডিমলায় বৃদ্ধ মা ও বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় জাল দলিলের মাধ্যমে বৃদ্ধ মা ও তার মেয়েদের প্রাপ্য জমি আত্মসাতের অভিযোগ উঠেছে বৃদ্ধার ছেলে রবিউল ইসলাম ও তার স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ওয়ারিশদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত রেখে প্রতারণার মাধ্যমে পুরো সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে বৈধভাবে জমি ক্রয়ের পর দখল নিতে গেলে ক্রেতার ওপর হামলার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, বাবা নজমল হকের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধের সুযোগে ছেলে রবিউল ইসলাম ও তার স্ত্রী জাহানারা বেগম কথিত জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে সম্পূর্ণ সম্পত্তি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন। বিভিন্ন সময়ে মা ও বোনদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না করে বছরের পর বছর সময়ক্ষেপণ করা হয়।
ফলে বৃদ্ধ মা ও অন্যান্য উত্তরাধিকারীরা নিজস্ব সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করা হয়েছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মা, বোন ও অন্যান্য উত্তরাধিকারীদের পক্ষে স্বপ্না ইয়াছমিন বলেন, জাল দলিলের মাধ্যমে আমাদের ন্যায্য সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়েছে। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177479