বগুড়ার শিবগঞ্জে প্রতিবন্ধীর টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে ২০ লাখ টাকা আত্মসাৎ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ফেরত না দেওয়া, প্রতারণা, মিথ্যা মামলা দায়ের এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন আবুল কালাম আজাদ নামে এক প্রতিবন্ধী ব্যক্তি।
অভিযোগে জানা যায়, শিবগঞ্জ পৌরসভার সুলতানপুর নয়াপাড়ার বাসিন্দা আবুল কালাম আজাদের সঙ্গে বনতেঘরী নয়াপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম ও তার পিতা আব্দুল মতিনের দীর্ঘদিনের আর্থিক লেনদেন ছিল। ওই লেনদেনের একপর্যায়ে তিনি নিজের নামে থাকা একটি সম্পত্তি বিবাদীদের নামে রেজিস্ট্রি করে দেন।
সম্পত্তি রেজিস্ট্রির আগে প্রতিপক্ষের কাছে তার স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ব্যাংক হিসাবের স্বাক্ষরিত চেকের পাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। সম্পত্তি হস্তান্তরের পর তিনি বারবার এসব কাগজপত্র ফেরত চাইলে প্রতিপক্ষ বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর দাবি, প্রতিপক্ষের কাছে ২০ লাখ টাকা পাওনা রয়েছে। টাকা ও কাগজপত্র ফেরত চাইতে গেলে তাকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন, আমাদের জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা আবুল কালামকে কোন হুমকি দেওয়া হয়নি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান শাহীন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177476