শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানো না হলে বিরোধীরা সরকারের সঙ্গে কোনো আলোচনা করবে না বলে জানিয়েছেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 
 
শুক্রবার (২৪ জুলাই) তিনি এসব জানান। 
 
বিরোধীদের দাবিগুলো তুলে ধরে রাহুল গান্ধী বলেন, ‘শিক্ষার্থীদের তিনটি দাবি রয়েছে। প্রথমত, দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রীকে সরাতে হবে। দ্বিতীয়ত, যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার আগে আমরা কোনো ধরনের আলোচনা বা কথোপকথনে যাব না। এটাই আমাদের অবস্থান।’
 
এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া কোনোভাবেই আন্দোলন থামবে না বলে স্পষ্ট জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে। সংবাদ সংস্থা এএনআইকে তিনি এ কথা বলেন। 
 
দীপকে বলেন, ‘যন্তর মন্তরে আমাদের ধর্না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে। তার পদত্যাগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’
 
তিনি বলেন, ‘সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবে।’
 
তিনি এএনআইকে বলেন, ‘সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন, এতে আমরা খুবই স্বস্তি পেয়েছি। কারণ তার অনশন ২৬ দিনেরও বেশি সময় ধরে চলছিল। তার জীবন দেশের জন্য অত্যন্ত মূল্যবান।’
 
তবে আন্দোলনের অবস্থান স্পষ্ট করে তিনি আবারও বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177471