পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি।

সংসদ সচিবালয়ে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পৌঁছে দেওয়া হয়। এসময় সেটি তিনি গ্রহণ করেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তা কার্যকর।

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিকেল পাঁচটায় জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

শুক্রবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলন শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সার্বিক বিষয়ে কথা বলবেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব পালন করবেন স্পিকার। আর সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তবে সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177438