আজ শিল্পকলায় সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়াবেন রুনা লায়লা
বিনোদন ডেস্ক : আজ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়াবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন তিনি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে, যা বন্যার্ত মানুষের সহায়তায় ব্যবহার করা হবে। এ কারণেই সংগীতানুষ্ঠানটি শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, মানবিক উদ্যোগ হিসেবেও বিশেষ গুরুত্ব বহন করছে।
ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবনে দেশ-বিদেশের অসংখ্য মঞ্চে গান গাইলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এটিই হতে যাচ্ছে রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে তিনি তার ৬২ বছরের পেশাদার সংগীতজীবনের বিভিন্ন সময়ের শ্রোতাপ্রিয় ও কালজয়ী ১০টি গান পরিবেশন করবেন। একই অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননায়ও ভূষিত করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এমন বিশেষ সম্মাননা আয়োজন নতুন নয়। এর আগে একই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকেও সম্মাননা জানানো হয়েছিল।
আয়োজনটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177433