নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে মনি মিয়া শেখ (৪৫) নামে একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত মনি মিয়া শেখ জয়নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন মনি মিয়া। 

পথে পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকায় স্থানাস্তরের পরামর্শ দেন। 

পরবর্তীতে রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এই হত্যার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177425