তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থার অনিয়মের অভিযোগে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন দেশটির সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। তিনি শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে শোনার পাশাপাশি শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানিয়েছেন।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা শিক্ষার্থীদের ভারতের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষার্থীরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নেয়। সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে তারা যে অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়েছে, তা অত্যন্ত দুঃখজনক।
সানিয়া লিখেছেন, ‘আমাদের দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীদের যৌক্তিক উদ্বেগের প্রতি আমি সংহতি প্রকাশ করছি। নিটের মতো পরীক্ষার জন্য তারা বছরের পর বছর প্রস্তুতি নেয়। বিশেষ করে গত কয়েক দিনে তারা যা সহ্য করেছে, তাতে আমার হৃদয় তাদের জন্য ব্যথিত।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কণ্ঠস্বর শোনা এবং তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। একই সঙ্গে যে সমস্যাগুলোর কারণে তারা শিক্ষাব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে, সেগুলোর সমাধান করে প্রয়োজনীয় সংস্কার আনার আহ্বান জানান।
তবে আন্দোলনকে ঘিরে সহিংসতার বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন সানিয়া। তিনি বলেন, সমাজে সহিংসতার কোনো স্থান নেই। আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে, যা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।
উল্লেখ্য, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে মিছিলের সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে ক্রীড়া ও বিনোদন অঙ্গনের একাধিক তারকা শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177410