সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন জওয়ান গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বৈষ্ণবনগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই ব্যাটালিয়নের কয়েকজন জওয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। অভিযুক্ত শিবম মিশ্র ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা।
গুলিতে নিহত হন ৭১ নম্বর ব্যাটালিয়নের জওয়ান অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭)। গুরুতর আহত বিকাশ ব্রহ্ম (৪৪) মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, ঘটনার সময় জওয়ানরা বিশ্রামে ছিলেন। এ সময়ই গুলির ঘটনা ঘটে। অভিযুক্ত শিবম মিশ্রের বিরুদ্ধে এক বছর আগেও সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় বিএসএফের অভ্যন্তরীণ আইনে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে বাড়ি পাঠানোর প্রক্রিয়া চলছিল।
ঘটনার পর অভিযুক্ত শিবম মিশ্রকে আটক করা হয়েছে।
বৈষ্ণবনগর থানা পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিএসএফও নিজস্ব তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা।
এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177409