দেশের মানুষ তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যদি গণভোট ও জুলাই সনদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেন, তাহলে দেশের মানুষ তাকে ‘লাল কার্ড’ দেখাবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, বর্তমানে নতুন ধরনের ‘কার্ডের রাজনীতি’ শুরু হয়েছে। তারেক রহমান পরিবার কার্ড, কৃষক কার্ড এবং সর্বশেষ ইউনিভার্সাল কার্ডের কথা বলেছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ, দখলদার ও থানা দখলের কার্ডও থাকবে কি না। তার দাবি, যদি বিএনপি, যুবদল বা ছাত্রদলের মাধ্যমে এসব কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে দেশের মানুষই তারেক রহমানকে লাল কার্ড দেখাবে।
তিনি আরও বলেন, মানুষ তারেক রহমানের মুখ দেখে ভোট দেয়নি; বরং মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং ধানের শীষ প্রতীকের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে। সারজিসের ভাষ্য, জিয়াউর রহমান ও খালেদা জিয়া গণভোটের রায় বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। কিন্তু তারেক রহমান যদি গণভোট ও জুলাই সনদের সঙ্গে প্রতারণা করেন, তাহলে জনগণ তাদের ‘গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করবে।
স্বাস্থ্যসেবার সমালোচনা করে তিনি বলেন, জামালপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসক নেই, চিকিৎসক থাকলেও নার্স নেই, নার্স থাকলেও ওষুধ নেই, আর ওষুধ থাকলেও সঠিক ব্যবস্থাপনা নেই। তিনি সরকারের প্রতি সদর হাসপাতালগুলোর সেবার মান উন্নয়নের আহ্বান জানান।
প্রশাসনের উদ্দেশে সারজিস আলম বলেন, ভূমি অফিসকে চাঁদাবাজির কেন্দ্র কিংবা থানাকে ক্ষমতার অপব্যবহারের জায়গায় পরিণত করা যাবে না। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সতর্ক করে বলেন, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক দালালি করলে ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
সমাবেশে এনসিপির জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিমের সভাপতিত্বে বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177404