বগুড়া রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে কে এই যুবক?
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বগুড়া জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রোর অফিস চত্বরে একটি ধারালো অস্ত্র (সামুরাই) হাতে নিয়ে মহড়া দিতে দেখা যায় এক যুবককে। এতে সরকারি এই অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও পুলিশ তাকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। তবে তাকে গ্রেফতারে অভিযানে নেমেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)। তার নাম মাসুদ পারভেজ রনি (৪২)। তার বাড়ি মহানগরের নাটাইপাড়া এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বগুড়া জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রোর কার্যালয়ে বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে রনি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিলেন। নির্বাচনে রনি পরাজিত যখন হচ্ছিলেন বলে জানতে পারেন তখন তিনি নির্বাচনে প্রিজাইডিং অফিসারকে তাকে নির্বাচনে পাস করিয়ে দিতে চাপ প্রয়োগ করেন। ওই কর্মকর্তা তার এই অনৈতিক আবদার পূরণ না করলে রনি বহিরাগত লোকজন নিয়ে বিকেল ৩টার পর থেকে প্রায় দেড় ঘন্টা ওই অফিস চত্বরে মহড়া দেন। এসময় তিনি ওই কর্মকর্তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে সরকারি ওই অফিসে তার এমন সন্ত্রাসী কার্যকলাপ সবাইকে ভাবিয়ে তুলেছে।
জানতে চাইলে সদর সাব-রেজিস্ট্রার অনিমেষ কুমার পাল বলেন, বিষয়টি তিনি জানেন না, এবং এ ব্যাপারে কোথাও কোন অভিযোগও করেননি বলে জানান। এ ব্যাপারে বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ইকবাল বাহার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রনিকে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে ডিবি। রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু এসময় তাকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে ডিবি’র অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177397