টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন শুনানি ঘিরে উত্তেজনা, ইউপি কার্যালয়ে ভাঙচুর

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন শুনানি ঘিরে উত্তেজনা, ইউপি কার্যালয়ে ভাঙচুর
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভাজনের প্রস্তাবিত উদ্যোগকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণশুনানিতে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে।
 
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিভাজন বিষয়ে প্রশাসনের আয়োজিত গণশুনানিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোয়াইক্যং ইউনিয়নকে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া দুই পক্ষ শুনানিতে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সংঘর্ষ চলাকালে ইউনিয়ন পরিষদের জানালার কাচ, আসবাবপত্রসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়। শুনানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।স্থানীয়দের দাবি, ইউনিয়ন বিভাজনের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এ নিয়ে এলাকায় মতপার্থক্য রয়েছে। এক পক্ষ নতুন ইউনিয়ন গঠনের পক্ষে অবস্থান নিলেও অপর পক্ষ বিদ্যমান ইউনিয়ন অক্ষুণ্ন রাখার দাবি জানিয়ে আসছে।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গণশুনানিতে উভয় পক্ষের মতামত গ্রহণ করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177373