নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলো শিশু সাইমের
ধুনট (বগুড়া) প্রতিনিধি : আমি গ্রামের বাড়ি যাবো না-ঢাকা থেকে গ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে বাবা-মাকে বারবার এ কথাই বলছিল ছোট্ট সাদমান ইসলাম সাইম (৭)। কিন্তু মা-বাবার অনুরোধে শেষ পর্যন্ত নানা বাড়ির পথে যাত্রা করে সে। বাবা ট্রেনে তুলে দিয়ে আদর করে বিদায় জানিয়েছিলেন ছেলেকে। কে জানত, সেটিই হবে বাবা-ছেলের শেষ দেখা।
গত মঙ্গলবার ঢাকা থেকে মায়ের সঙ্গে বগুড়ার ধুনটে রান্ডিলা গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে সাইম। গ্রামের সবুজ প্রকৃতি, আপনজনের ভালোবাসা আর ছুটির আনন্দ উপভোগ করার কথা ছিল তার। কিন্ত পরদিন বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায় সাইম। প্রায় ২ ঘন্টা পর ডোবার পানি থেকে সাইমের ভাসমান লাশ উদ্ধার করে স্বজনরা। নিহত সাদমান ইসলাম সাইম ঢাকার ওয়ারী থানার এসআই জাকারিয়া খানের একমাত্র ছেলে। তাদের গ্রামের বাড়ি একই এলাকার বিষ্ণুপুর গ্রামে। চাকরির সুবাদে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকতো সাইম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177366