বাংলাদেশ পিপলস লীগকে ৩ মাসের মধ্যে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ পিপলস লীগকে ৩ মাসের মধ্যে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ পিপলস লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে আগামী তিন মাসের মধ্যে দলটিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) এক রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ এবং আইনজীবী সৈয়দ মাহবুব হোসেন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া।

বর্তমানে নির্বাচন কমিশনে ৬০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। বাংলাদেশ পিপলস লীগ নিবন্ধন পেলে এটি হবে দেশের ৬১তম নিবন্ধিত রাজনৈতিক দল। নিবন্ধন ছাড়া রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা গেলেও জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকে না।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলেও প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি—এই যুক্তিতে গত বছরের ৯ ফেব্রুয়ারি আবেদনটি নামঞ্জুর করে নির্বাচন কমিশন।

পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দলের মহাসচিব আইনজীবী সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১ সেপ্টেম্বর আদালত রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার এ রায় দেওয়া হয়।

দলটির মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন জানান, বাংলাদেশ পিপলস লীগ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং সে সময় মার্শাল ল রেগুলেশনের আওতায় দলটির নিবন্ধন ছিল। ২০০৮ সালে নতুন আইন কার্যকর হওয়ার পর নির্বাচন কমিশনের কাছে নতুন করে নিবন্ধনের আবেদন করা হয়।

তিনি দাবি করেন, নিবন্ধনের সব শর্ত পূরণ করলেও আওয়ামী লীগ সরকারের আমলে ২০-দলীয় জোটের শরিক হওয়ার কারণে দলটিকে নিবন্ধন দেওয়া হয়নি।

রায়ের প্রতিক্রিয়ায় মাহবুব হোসেন বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে আদালত রুল যথাযথ ঘোষণা করেছেন এবং আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177295